কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা :০৩ নভেম্বর

 রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক রবিবার দুপুরে চাঞ্চল্যকর হামলার মুখে পড়েন। অভিযোগ, তাঁর সল্টলেকের বাড়ির সামনে এক অজ্ঞাতপরিচয় যুবক আচমকাই তাঁর উপর চড়াও হয়ে মুখে ও পেটে ঘুষি মারে। ঘটনায় আহত হন এই প্রাক্তন মন্ত্রী। পরে দ্রুত অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেদিন দুপুরে বিধায়ক ‘বালু’ নামে পরিচিত জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া থেকে সল্টলেকের বাড়িতে ফেরেন। বাড়ির নিচতলায় তাঁর অফিসও রয়েছে। অভিযোগ, সেই অফিসে ঢোকার মুখেই এক যুবক আচমকা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে এবং পাঁজরের নিচে ঘুষি মারে। ধাক্কায় বিধায়ক মাটিতে পড়ে যান।
চিৎকার শুনে দফতরের কর্মীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং ওই যুবককে ধরে ফেলেন। খবর পেয়ে বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে।

জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, মুখে ও পেটে আঘাত পেলেও তিনি আপাতত সুস্থ আছেন। হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি। তবে আচমকা এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। ঘনিষ্ঠরা জানিয়েছেন, বিধায়ক ডায়াবেটিক হওয়ায় ভয়ও পেয়েছিলেন কিছুটা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবককে জ্যোতিপ্রিয় মল্লিক আগে কখনও দেখেননি। বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুপুর তিনটে থেকেই ওই ব্যক্তি বাড়ির সামনে ঘোরাফেরা করছিল। পরে জ্যোতিপ্রিয় মল্লিক বাড়ি ফেরার মুহূর্তে হামলা চালায় সে। হামলার উদ্দেশ্য এখনও অস্পষ্ট। তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

উল্লেখ্য, ২০২৩ সালে রেশন কেলেঙ্কারি মামলায় ইডি জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল। প্রায় ১৪ মাস জেলবন্দি থাকার পর চলতি বছরের ১৫ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান। সেই সময় পর্যন্ত তিনি মন্ত্রী ছিলেন। পরবর্তীতে তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়।
এই হামলার ঘটনায় আবারও আলোচনায় উঠে এলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী।