কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা : কলকাতা :০৮ ডিসেম্বর

মহেশতলা শেষে এবার মেটিয়াবুরুজে শুরু হচ্ছে স্বাস্থ্য পরিষেবা, মোট ১৬টি ক্যাম্পে চিকিৎসা !

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রজুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘সেবাশ্রয়–২’ স্বাস্থ্য শিবির ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে বিরাট সাড়া ফেলেছে। গত ১ ডিসেম্বর মহেশতলায় শুরু হওয়া এই বিশাল স্বাস্থ্য-পরিষেবা কর্মসূচির প্রথম পর্ব রবিবার শেষ হয়েছে। সপ্তাহখানেকে প্রায় ৫০ হাজার মানুষ এই ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। বিভিন্ন পরীক্ষার পর রেফার হওয়া অনেক রোগীকেই উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়া হয়েছে নিখরচায়।

মহেশতলার শিবিরে চোখের পরীক্ষার পরে চিকিৎসকদের পরামর্শে ২২ জন প্রবীণ মানুষের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। রবিবার বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতনে তাঁদের সাফল্যের সঙ্গে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

অপারেশন হওয়া রোগীদের মুখে তৃপ্তির হাসি— আরতি ঘোষ বলেন, “এখানে খুব ভাল পরিষেবা পেয়েছি, কোনও অসুবিধা হয়নি। ” অন্য এক রোগীর কথায়, “আমার দু’চোখেই সমস্যা ছিল। এখানে সব পরীক্ষা ও চিকিৎসা পেয়েছি বিনামূল্যে। আমরা ভীষণ খুশি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। ” আর এক প্রবীণ মন্তব্য করেন, “আমরা গরিব মানুষ। এত টাকা দিয়ে এত টেস্ট করানো সম্ভব নয়। সেবাশ্রয়ে সবকিছুই সুশৃঙ্খল ভাবে হচ্ছে।”

সেবাশ্রয়–১ এও হাজার হাজার ছানি অপারেশন হয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতাই আরও বিস্তৃত রূপ পেয়েছে সেবাশ্রয়–২–এ।

রবিবার এক্স-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন — “নিষ্ঠার সঙ্গে সেবা করলে তার প্রভাব স্পষ্ট দেখা যায়। মহেশতলায় ২২ জন প্রবীণের জীবনে সেই প্রভাব পৌঁছেছে। যাঁরা একসময় নিজের দুনিয়া দেখতে পারতেন না, তাঁরা আজ আবার আলো দেখছেন।”

মহেশতলার সপ্তম দিনের শেষ পর্যন্ত ডায়গনস্টিক, রেফারাল ও চিকিৎসার বিশদ রিপোর্ট রবিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছায়।
এখানে -

  • পথ দুর্ঘটনায় জখম ব্যক্তির জরুরি চিকিৎসা,

  • তিনজনের সুপার স্পেশালিটি ট্রিটমেন্ট-এর ব্যবস্থা
    করা হয় কলকাতার অ্যাপোলো হাসপাতালে।

‘সেবাশ্রয়–২’-এর লক্ষ্য শুধু স্বাস্থ্য ক্যাম্প নয়— প্রতিটি রোগীর জন্য যথাযথ চিকিৎসা নিশ্চিত করা।

প্রসঙ্গত মহেশতলায় সাফল্যের পর আজ, সোমবার থেকে মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রেও শুরু হচ্ছে সেবাশ্রয়–২ স্বাস্থ্য শিবির। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত মেটিয়াবুরুজে চলবে এই পরিষেবা।

মোট ১৬টি জায়গায় এই ক্যাম্প হবে। আক্রা ফটক ফুটবল মাঠে একটি মডেল ক্যাম্প তৈরি হয়ে গেছে, যেখানে উন্নত ডায়গনস্টিক সুবিধা থেকে শুরু করে বিভিন্ন বিভাগীয় পরামর্শ— সবই থাকবে বিনামূল্যে।

ফেসবুকে রবিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেটিয়াবুরুজের সব ক্যাম্পের ঠিকানা পোস্ট করেছেন, যাতে সাধারণ মানুষ সহজেই নিকটবর্তী শিবিরে পৌঁছতে পারেন।

অল্প খরচে বা বিনামূল্যে যেখানে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন, সেখানে কয়েকদিনেই লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে গিয়েছে ‘সেবাশ্রয়–২’-এর প্রাথমিক ও উন্নত চিকিৎসা। প্রবীণদের চোখে আলো, আহতদের সঠিক চিকিৎসা— সব মিলিয়ে ডায়মন্ড হারবার অঞ্চলে ‘সেবাশ্রয়’ কার্যত স্বাস্থ্য-আন্দোলনের রূপ নিয়েছে।