কলকাতা টাইমস নিউজ  :সম্পাদকীয় :কলকাতা :২০ ডিসেম্বর

বাংলার রাজনীতি নির্বাচনপূর্ব উত্তাপে যখন ক্রমশ ফুটতে শুরু করেছে, ঠিক তখনই মতুয়া অধ্যুষিত রানাঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা নতুন মাত্রা যোগ করল রাজনৈতিক সমীকরণে। এক বছরেরও কম সময় পরে বিধানসভা নির্বাচন। তার আগেই প্রধানমন্ত্রী–সহ কেন্দ্রীয় নেতৃত্বের ধারাবাহিক সফর পরিষ্কার করে দিচ্ছে—২০২6–এর বাংলার নির্বাচনকে এবার অন্য নজরে দেখছে দিল্লি।

সভা শুরুর আগেই মোদীর বার্তা ঝড় তোলে রাজনৈতিক মহলে। এক্স–এ তিনি অভিযোগ করেন—

“তৃণমূল বাংলায় লুট, সন্ত্রাস ও ভয় দেখানোর সব সীমা অতিক্রম করেছে। মানুষ আজ পরিবর্তনের জন্য বিজেপির দিকে তাকিয়ে আছে।”

এই বার্তা শুধু সমালোচনা নয়—বিজেপির লক্ষ্য স্পষ্ট করে দেয়। বিশেষ করে মতুয়া জনবসতিপূর্ণ এলাকায় এই বার্তা রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ।কারণ,মতুয়া সমাজ ভোটব্যাঙ্ক হিসেবে শক্তিশালী, এবং এসআইআর–এর খসড়া তালিকা ঘিরে যে বিতর্ক চলছে, তা সরাসরি এই সমাজের ওপর প্রভাব ফেলছে।

যদিও রাজ্যে এখন উত্তপ্ত আলোচনার কেন্দ্রে SIR (State Identification Register) খসড়া তালিকা।অভিযোগ, ৫৮ লক্ষের বেশি মানুষের নাম বাদ পড়েছে তালিকা থেকে ,বিরোধীদের আশঙ্কা—মতুয়া সমাজের বড় অংশ ভোটার হিসেবেই বাদ পড়তে পারেন ,অপরদিকে তৃণমূল–বিজেপি দুই পক্ষেই দায় চাপানো নিয়ে চলছে রাজনৈতিক আক্রমণ–প্রতিক্রিয়া। এমন পরিস্থিতিতে মতুয়াগড়ে প্রধানমন্ত্রীকে সরাসরি সভা করতে দেখা রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়ে দিয়েছে।

মোদীর সফর শুধু রাজনৈতিক নয়, উন্নয়ন–রাজনীতিও এর কেন্দ্রবিন্দু। সভা থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন ও শিলান্যাস করবেন মোট ৩ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের।

যে প্রকল্পগুলির ঘোষণা হচ্ছে :

  • জাতীয় সড়ক ১২–এর কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত ৬৮ কিলোমিটার চার লেনের উদ্বোধন

  • বারাসত থেকে বড়জাগুলি পর্যন্ত ১৮ কিলোমিটার চার লেন প্রকল্পের শিলান্যাস

এগুলি রানাঘাট–বনগাঁ–কলকাতা যোগাযোগ ব্যবস্থাকে আমূল বদলে দেবে বলে দাবি করছে কেন্দ্র। সভামঞ্চে তাঁর সঙ্গে থাকছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়ী।

অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মোদীর এই সফর তিনটি কারণে তাৎপর্যপূর্ণ—

  1. মতুয়া ভোটব্যাঙ্ক পুনর্দখল
    সিটিজেনশিপ আইন ও নাগরিকত্ব বিতর্কের কারণে মতুয়া ভোটের বড় অংশ বিচ্ছিন্ন হয়েছিল।
    বিজেপি এবার আবার সেই সমর্থন ফেরানোর চেষ্টা করছে।

  2. তৃণমূলকে সরাসরি আক্রমণ
    সোশ্যাল মিডিয়া বার্তা থেকেই বোঝা যাচ্ছে—মোদী এবার প্রকাশ্যেই আক্রমণাত্মক সুরে প্রচার শুরু করেছেন।

  3. নির্বাচনী অ্যাজেন্ডা স্থির করা
    উন্নয়ন ও নিরাপত্তা—এই দুই বিষয়কে সামনে রেখে বিজেপি ২০২৬–এর বাংলার নির্বাচনী রণকৌশল সাজাচ্ছে।

প্রসঙ্গত প্রধানমন্ত্রী শনিবার সকাল সাড়ে ১০টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে তাহেরপুর হয়ে নেতাজি পার্ক ময়দানের সভাস্থলে পৌঁছবেন।কমপক্ষে আনুমানিক দশ হাজারেরও বেশি মানুষের জমায়েত আশা করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

সভা ঘিরে নিরাপত্তা বলয়ও আঁটসাঁট—

  • এসপিজি মোতায়েন

  • বিশেষ নিরাপত্তা নজরদারি

  • ড্রোন সার্ভেইলেন্স

মতুয়া অধ্যুষিত এলাকায় এই সভা রাজনৈতিকভাবে কতটা প্রভাব ফেলবে—তা দেখার অপেক্ষায় পুরো রাজনীতি।